দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ঢাকা থেকে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি নতুন চালান।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা দেয় ইউরেনিয়ামবাহী গাড়িবহর।
সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় সড়কপথে পারমাণবিক জ্বালানি রূপপুরে নেওয়া হয়। ঢাকা থেকে রূপপুর পর্যন্ত সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেন।
ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছানোর লক্ষ্যে সড়কে সব ধরনের যানবাহন ও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
প্রকল্প সূত্রে জানা গেছে, এর আগেও কয়েক দফায় রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে পারমাণবিক জ্বালানি ঢাকায় আনা হয়েছে। পরে এসব জ্বালানি কঠোর নিরাপত্তায় সড়কপথে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হয়। চলতি বছরের মধ্যে রাশিয়া থেকে আরও জ্বালানির চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট গত অক্টোবর মাসে পারমাণবিক বিক্রিয়া বা ক্রিটিক্যালটি অর্জন করেছে। বর্তমানে ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে।
সবকিছু স্বাভাবিক নিয়মে এগোলে স্বল্প সময়ের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছেন প্রকল্পসংশ্লিষ্টরা।
/অ